টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনায় গ্রেপ্তার ৩
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, অভিনেতার দৈনন্দিন চলাফেরার ওপর নজর রেখে হামলার ছক কষেছিল অভিযুক্তেরা। তাদের সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগসূত্র রয়েছে বলেও দাবি তদন্তকারীদের।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের কোটা স্টেশনে ট্রেনে যাত্রার সময় অভিযুক্তদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন হরিয়ানার এবং একজন মহারাষ্ট্রের বাসিন্দা।
আরও পড়ুন: দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নাটক ‘রাধিকা’
তদন্তকারীদের প্রাথমিক ধারণা, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছিল। হামলার আগে থেকেই টাইগার শ্রফের চলাফেরা ও দৈনন্দিন রুটিনের ওপর নজর রাখছিল অভিযুক্তেরা। অভিনেতার গতিবিধি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেওয়ার পর হামলার পরিকল্পনা করা হয় বলে মনে করছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রতিবেদন অনুযায়ী, প্রতি রোববার মুম্বাইয়ের জুহু এলাকার একটি ফুটবল মাঠে যান টাইগার। অভিযুক্তেরা তাঁর এই নিয়মিত অভ্যাস সম্পর্কে জানত বলে ধারণা করা হচ্ছে। মাঠ থেকে গাড়িতে করে ফেরার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর পরিকল্পনা করা হয়েছিল বলে তদন্তকারীদের ধারণা।
আরও পড়ুন: বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল
হামলার পর পালানোর পথও আগে থেকে নির্ধারণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। গুলি চালানোর পর অভিযুক্তেরা মুম্বাইয়ের ভিলে পারলে ও আন্ধেরি হয়ে এসভি রোড ধরে এগিয়ে যায়। পরে আন্ধেরি পশ্চিম রেলস্টেশনের কাছে মোটরসাইকেলটি ফেলে রেখে বরিভলীর দিকে যাওয়া একটি ট্রেনে ওঠে তারা।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পুলিশের নজর এড়াতে অভিযুক্তেরা মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে প্রতিবেশী গুজরাটেও প্রবেশ করেছিল। হামলার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করা এবং অভিযুক্তদের চলাচলের পথ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।
এর আগে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তি অডিও বার্তার মাধ্যমে হামলার দায় স্বীকার করেছিলেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
তবে হামলার প্রকৃত উদ্দেশ্য কী ছিল এবং গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে ঘটনার সংশ্লিষ্টতা কতটা, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।





