নিজেকে সর্বকালের সেরা ফুটবলার দাবি রোনালদোর
সমালোচনা কিংবা অন্যের অপছন্দ—কোনোটিকেই খুব একটা পাত্তা দেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সেও তরুণ ফুটবলারদের সঙ্গে পাল্লা দিয়ে মাঠে নেমে গোল করে চলেছেন পর্তুগিজ এই মহাতারকা। এবার তাঁর সামনে নতুন এক লক্ষ্য—ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করা। এই রেকর্ড গড়েই ফুটবলকে বিদায় জানানোর ইচ্ছা রোনালদোর।
তবে হাজার গোলের লক্ষ্যে পৌঁছাতে না পারলেও নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী তিনি। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে তুলে ধরে সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আবারও নিজের শ্রেষ্ঠত্বের দাবি জানিয়েছেন ‘সিআর সেভেন’।
আরও পড়ুন: ভিনিসিয়ুসের লাল কার্ডের নাটকীয়তা ছাপিয়ে রিয়ালের জয়
সাম্প্রতিক ফিফা উইন্ডোয় পর্তুগাল দলের ক্যাম্প ছাড়ার পর সমালোচনার মুখে পড়েন রোনালদো। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যে মানের খেলা উপহার দিই এবং যত গোল করি, মানুষ সেটির প্রাপ্য কৃতিত্ব আমাকে দেয় না।’
নিজের গোলসংখ্যা ৯২০, ৯২৫ কিংবা ৯৩০—যেখানেই গিয়ে থামুক না কেন, তাতে নিজের অবস্থান বদলাবে না বলেও মনে করেন এই তারকা। তাঁর ভাষায়, ‘ইতিহাসের সেরা খেলোয়াড় তো আমিই। এখানেই কথা শেষ। পরিসংখ্যানই সব কথা বলছে।’
আরও পড়ুন: তুরস্ককে উড়িয়ে নেশনস লিগে ইতালির জয়
হাজার গোলের লক্ষ্য, তবে ভবিষ্যৎ অনিশ্চিত
ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছেন রোনালদো। তবে কবে অবসর নেবেন, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে চান না তিনি। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার বলেন, ‘যদি সেই মাইলফলকে পৌঁছাতে পারি, অর্থাৎ এক হাজার গোল করতে পারি, সেটা অসাধারণ এক অর্জন হবে। সে লক্ষ্যে আমি কাজও করে যাচ্ছি।’
অবসরের প্রসঙ্গে রোনালদো আরও বলেন, ‘ভবিষ্যৎ নিয়ে ভাবি না। আগামীকাল কী ঘটবে, তা আমি জানি না। হয়তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখব, আমি খেলার অনুপ্রেরণা হারিয়ে ফেলেছি, আর খেলতে ইচ্ছে করছে না। সত্যি বলতে, সামনে কী হতে পারে তা আমার জানা নেই।’
মেসি-পেলে-ম্যারাডোনা নিয়ে রোনালদোর বক্তব্য
ফুটবলপ্রেমীদের পছন্দের তালিকায় লিওনেল মেসি, পেলে কিংবা দিয়েগো ম্যারাডোনা থাকতেই পারেন—এটি ব্যক্তিগত রুচির বিষয় বলে মনে করেন রোনালদো। তবে নিজের খেলার সামগ্রিক দক্ষতা নিয়ে কোনো সংশয় নেই তাঁর।
আল নাসরের এই স্ট্রাইকার বলেন, ‘কেউ যদি মেসি, পেলে বা ম্যারাডোনাকে পছন্দ করে, তবে সেটা তার ব্যক্তিগত রুচি ও পছন্দের বিষয়। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো একজন পরিপূর্ণ খেলোয়াড় নন, এমন বলাটা একেবারেই মিথ্যা। আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।’
বয়স বাড়লেও মাঠে গোল করার ক্ষুধা এবং নিজের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাস—দুটিই ধরে রেখেছেন রোনালদো। এখন দেখার বিষয়, ক্যারিয়ারের শেষ অধ্যায়ে পৌঁছে এক হাজার গোলের স্বপ্ন পূরণ করতে পারেন কি না এই পর্তুগিজ তারকা।





