হামে ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু, মোট মৃত্যু ১৬৯
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে করে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সারাদেশে হামে আক্রান্ত হয়েছে মোট ১৮ হাজার ৮৭৪ শিশু। এর মধ্যে নিশ্চিত আক্রান্ত ২ হাজার ৪৮৯ জন এবং সন্দেহজনক আক্রান্ত ১৪ হাজার ৩৮৫ জন।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, এক দিনে আক্রান্ত ১,২৩৬
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে মারা গেছে ২৪ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে সন্দেহজনকভাবে মৃত্যু হয়েছে আরও ১৪৫ শিশুর।
আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। এখানে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৪৭৮ শিশু। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৪৯।
আরও পড়ুন: হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।





