ট্রাম্পকে ‘লুজার’ বললেন জো বাইডেন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ন, ২৯ জুন ২০২৬ | আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন, ৩০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘লুজার’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি ট্রাম্প প্রশাসনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, অযোগ্য ও আত্মমুগ্ধ প্রশাসন’ বলে অভিযোগ করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, গত শনিবার (২৮ জুন) মেরিল্যান্ড অঙ্গরাজ্যের হ্যানোভারে ডেমোক্রেটিক পার্টির এক গালা অনুষ্ঠানে প্রায় ১০ মিনিটের বক্তব্যে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন বাইডেন। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: ইসরাইলি প্রযুক্তির যুদ্ধসরঞ্জাম সৌদি-কাতারের হাতে, দাবি হারেৎজের

বক্তব্যে বাইডেন অভিযোগ করেন, হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে সেখানে একটি নতুন বলরুম নির্মাণের কাজ চলছে। এছাড়া জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের ভবনের সম্মুখভাগে নিজের নাম যুক্ত করার পর আদালতের নির্দেশে তা সরিয়ে নিতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় দণ্ডিত হয়ে পরে প্রেসিডেন্টের ক্ষমা পাওয়া ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগেরও সমালোচনা করেন বাইডেন। এসব প্রসঙ্গ টেনে তিনি বলেন, "উফ! কী ভয়ংকর! কী হারু মানসিকতার মানুষ।"

আরও পড়ুন: নরসিংদীতে আজ কোনো ভূমিকম্প হয়নি, পুরোনো তথ্য প্রকাশে বিভ্রান্তি

দুর্নীতির অভিযোগ তুলে বাইডেন বলেন, লিংকন মেমোরিয়ালের প্রতিফলন পুকুর সংস্কার প্রকল্পে প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই ট্রাম্পের এক দাতাকে ১৭ লাখ ডলারের পানি পরিশোধন ব্যবস্থার চুক্তি দেওয়া হয়েছে। তার ভাষায়, এটি "প্রকাশ্য ও নির্লজ্জ দুর্নীতির" একটি উদাহরণ।

পররাষ্ট্রনীতি নিয়েও ট্রাম্পের সমালোচনা করেন সাবেক এই প্রেসিডেন্ট। তার অভিযোগ, ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অতিমাত্রায় নমনীয় অবস্থান নিয়েছেন এবং ন্যাটোকে দুর্বল করার চেষ্টা করেছেন। এর ফলে বিশ্বের কাছে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।

বাইডেনের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন দুই বছর আগে ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে দুর্বল পারফরম্যান্সের পর তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। পরে ডেমোক্র্যাট প্রার্থী ও তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসেন।

এদিকে ক্ষমতা ছাড়ার পর বাইডেন পরিবারের রাজনৈতিক তৎপরতাও আবার বাড়ছে। সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন সম্প্রতি তার স্মৃতিকথা প্রকাশ করেছেন। অন্যদিকে ছেলে হান্টার বাইডেন সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতি, মানসিক স্বাস্থ্য এবং আসক্তি থেকে পুনরুদ্ধার নিয়ে নিয়মিত মতামত দিচ্ছেন।