নরসিংদীতে আজ কোনো ভূমিকম্প হয়নি, পুরোনো তথ্য প্রকাশে বিভ্রান্তি

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ন, ২৯ জুন ২০২৬ | আপডেট: ১:৩২ পূর্বাহ্ন, ২৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর উপকণ্ঠ নরসিংদীতে রোববার (২৮ জুন) রাতে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে—এমন খবর দেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হলেও, আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এ দাবি সঠিক নয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) এবং ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (EMSC)-এর ওয়েবসাইট পর্যালোচনায় দেখা গেছে, রোববার বাংলাদেশে কোনো ভূমিকম্পের তথ্য নিবন্ধিত হয়নি। ফলে নরসিংদীতে ওই দিন ভূমিকম্প আঘাত হানার দাবির সত্যতা পাওয়া যায়নি।

আরও পড়ুন: ইসরাইলি প্রযুক্তির যুদ্ধসরঞ্জাম সৌদি-কাতারের হাতে, দাবি হারেৎজের

এর আগে কয়েকটি গণমাধ্যমে ইউএসজিএসের বরাত দিয়ে বলা হয়েছিল, রাত ৯টা ২৮ মিনিটের দিকে দেশের বিভিন্ন স্থানে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে এমন কোনো তথ্য নেই।

ভূমিকম্প ও আগ্নেয়গিরি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট VolcanoDiscovery-এর তথ্য অনুযায়ী, গত ২২ জুন নরসিংদীকে কেন্দ্র করে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। সেই কম্পন রাজধানী ঢাকাসহ আশপাশের কয়েকটি জেলায় অনুভূত হয়। ধারণা করা হচ্ছে, ওই পুরোনো ঘটনার তথ্যকে নতুন হিসেবে প্রকাশ করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: অস্থায়ী সুরক্ষায় থাকা অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক ব্যবহারকারী জানিয়েছেন, রোববার রাতে তারা দেশে কোনো ভূমিকম্প অনুভব করেননি। বিভ্রান্তিকর খবর প্রকাশের পর কয়েকটি গণমাধ্যম তাদের ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট সংবাদ সরিয়ে নিয়েছে।

অন্যদিকে, VolcanoDiscovery-এর তথ্যমতে, রোববার মিয়ানমার সীমান্ত এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তবে সেটি বাংলাদেশে অনুভূত হওয়ার মতো কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।