দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী
চীনের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে তিনি বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, এক দিনে আক্রান্ত ১,০৭৭
এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যম প্রতিনিধিসহ ১ হাজার ৭০০ জনের বেশি অংশগ্রহণকারী যোগ দেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ‘গ্রীষ্মকালীন দাভোস’-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং বৈশ্বিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গত সোমবার (২২ জুন) মালয়েশিয়া সফর শেষে চীনের ডালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিং সফরকালে তার একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।





