ডানা দিয়ে নামলেন যাত্রীরা

মার্কিন বিমানবন্দরে ১৭৮ আরোহীবাহী বিমানে ভয়াবহ আগুন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ন, ১৪ মার্চ ২০২৫ | আপডেট: ৪:১১ পূর্বাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
মার্কিন বিমানবন্দরে ১৭৮ আরোহীবাহী বিমানে ভয়াবহ আগুন। ছবিঃ সংগৃহীত
মার্কিন বিমানবন্দরে ১৭৮ আরোহীবাহী বিমানে ভয়াবহ আগুন। ছবিঃ সংগৃহীত

ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় ফ্লাইটটির ভেতরে ক্রুসহ ১৭৮ জন আরোহী ছিলেন এবং তাদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালের এ ঘটনায় ওই উড়োজাহাজের ডানা দিয়ে যে যার মতো নামতে দেখা যায় যাত্রীদের। তবে এখন পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যায়নি, আগুন লাগার সঠিক কারণ।

শুক্রবার (১৪ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি এবং সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন: আন্দামান সাগরে নৌকাডুবি: ২৫০ যাত্রী নিখোঁজ, বাংলাদেশিসহ রোহিঙ্গা রয়েছেন

বিমান সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এই ফ্লাইটটি কলোরাডো স্প্রিংস থেকে ছেড়ে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে পরে বিমানটিকে ডেনভারের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর আরোহীদের সরিয়ে নেওয়ার ভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, যাত্রীরা অনেকেই বিমানের ডানায় জোর করে নেমে আসেন এবং এসময় বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

আরও পড়ুন: থাইল্যান্ডে নববর্ষ উৎসবে সড়ক দুর্ঘটনা, নিহত ১৫৪

বেশ কিছু সংবাদ প্রতিবেদন অনুসারে, অবতরণের পর বিমানটি গেটের দিকে এগিয়ে যাওয়ার সময় “ইঞ্জিন-সম্পর্কিত সমস্যা দেখা দেয়”।

বিমান সংস্থাটি জানিয়েছে, “১৭২ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য বিমান থেকে নেমে টার্মিনালে স্থানান্তরিত হচ্ছে। আমরা আমাদের ক্রু সদস্য, ডিইএন টিম এবং জরুরি কর্মীদের দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই। উদ্ধার তৎপরতার সময় বিমানে এবং মাটিতে থাকা সকলের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।”

আগুন নিভে গেছে এবং কেউ আহত হয়নি বলেও প্রতিবেদনে বলা হয়েছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়।