ইন্দোনেশিয়ায় সাততলা ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২০
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সাততলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আরও বহু লোক আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সেন্ট্রাল জাকার্তার ওই ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। ভবনটিতে জাপানি ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ‘টেরা ড্রোন কর্পোরেশন’-এর ইন্দোনেশিয়া শাখা ‘টেরা ড্রোন ইন্দোনেশিয়া’র কার্যালয় ছিল।
আরও পড়ুন: নেপাল-তিব্বত সীমান্তে নতুন করে উপচে পড়ল হ্রদ, প্রাণে বাঁচতে ফের ছুটছে মানুষ
আগুন লাগার পর আতঙ্কিত কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মই ব্যবহার করে ওপরের তলা থেকে নিচে নামতে চেষ্টা করেন। সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ভবনের ভেতরে আটকে পড়া সম্ভাব্য হতাহতদের উদ্ধার অভিযান চলছে। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা বডি ব্যাগে মরদেহ বহন করে বাইরে আনছেন—যা ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট করে।
এর আগে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ইন্দোনেশিয়ায় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বন্যার ক্ষত কাটিয়ে ওঠার আগেই নতুন এ অগ্নিকাণ্ড দেশটিতে আরও এক দুঃসময়ের সৃষ্টি করেছে।
আরও পড়ুন: নেপালে মানবিক বিপর্যয়: বন্যায় ভেসে গেছে মরদেহ, মর্গেও জায়গা নেই





