নিরাপত্তার স্বার্থে র্ইরানি ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র
আরব সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ধেয়ে আসা একটি ইরানি ড্রোন ধ্বংস করার দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।
সেন্টকোমের মুখপাত্র ও মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স রয়টার্সকে বলেন, ইউএসএস আব্রাহাম লিঙ্কনে অবস্থানরত একটি এফ-৩৫সি যুদ্ধবিমান আকাশেই ড্রোনটি ভূপাতিত করে। ড্রোনটি জাহাজটির দিকে এগিয়ে আসছিল, তবে আঘাত হানার অনেক আগেই সেটি ধ্বংস করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, শিশুসহ নিহত ১০
ইরানের অনলাইন সংবাদমাধ্যম তাসনিম নিউজও এক প্রতিবেদনে ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের একটি সামরিক ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে আরব সাগরের আকাশে উড়ে বেড়াচ্ছিল, পরে মার্কিন নৌবাহিনী সেটি ভূপাতিত করে। তবে কী কারণে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
এ ঘটনায় মন্তব্য জানতে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। তবে তারা কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
আরও পড়ুন: জাপানে দুই সপ্তাহে ভারী তুষারপাতে ৩০ জনের মৃত্যু
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ইরানে সরকারবিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করলে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইন্দো-প্রশান্ত অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয় ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ একটি বড় নৌবহর। ইরানের ওপর কৌশলগত চাপ সৃষ্টি করতেই এই নৌবহর মোতায়েন করা হয়। বর্তমানে নৌবহরটি আরব সাগরে অবস্থান করছে।
এমন এক সময়ে এই ঘটনা ঘটল, যখন ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিদের মধ্যে তুরস্কের ইস্তাম্বুলে বৈঠক চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী শুক্রবার এ বৈঠক শুরু হওয়ার কথা।
প্রসঙ্গত, ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে প্রায় দুই দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সূত্র : রয়টার্স





