ইরানের নতুন নেতৃত্ব আলোচনায় বসতে চাচ্ছে, আমিও রাজি হয়েছি: ট্রাম্প
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানকে কেন্দ্র করে পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি হামলায় হতাহতের ঘটনা ঘটে এবং আরব বিশ্বের বিভিন্ন দেশও উত্তেজনার প্রভাব অনুভব করে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে কিছুটা শান্ত হওয়ার ইঙ্গিত মিলছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের নতুন নেতৃত্ব আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে এবং তিনিও তাদের সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন।
আরও পড়ুন: ইরানবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক ম্যাগাজিনকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পক্ষ থেকে যোগাযোগের আগ্রহ দেখানো হয়েছে। তার ভাষায়, “তারা কথা বলতে চায়, এবং আমিও কথা বলতে রাজি হয়েছি। তাই আমি তাদের সঙ্গে কথা বলব।”
তিনি আরও বলেন, ইরানের উচিত ছিল আরও আগেই এই পদক্ষেপ নেওয়া। তার মতে, বাস্তবসম্মত ও সহজ সমাধান আগে থেকেই সম্ভব ছিল, কিন্তু তেহরান দেরি করেছে।
আরও পড়ুন: ইরানে নতুন হামলায় ৪৩ সেনা নিহত: আল-জাজিরা
তবে আলোচনাটি ঠিক কবে এবং কীভাবে অনুষ্ঠিত হবে—এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চলমান সংঘাতের প্রেক্ষাপটে সম্ভাব্য এই সংলাপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সূত্র: আল-জাজিরা





