ইসরায়েলি গণমাধ্যমের দাবি: ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ১০:২৭ পূর্বাহ্ন, ০৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে ইরানে সামরিক হামলা চালিয়েছে কাতার।

ইসরায়েলের বেসরকারি টেলিভিশন চ্যানেল-১২ অজ্ঞাতনামা পশ্চিমা সূত্রের বরাতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কাতারের সামরিক বাহিনী হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে কাতার বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: সিআইএর গোপন প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো অটুট

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানে কাতারের হামলার পর সৌদি আরবও শিগগিরই দেশটিতে সামরিক পদক্ষেপ নিতে পারে। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম কান-কে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সাম্প্রতিক ইরানি হামলার পর সৌদি আরব পাল্টা পদক্ষেপ নিতে পারে বলে তাদের ধারণা।

এদিকে টাইমস অব ইসরায়েল-এর খবরে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে গত চারদিন ধরে হামলা চালাচ্ছে ইরান।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার দাবি

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটিতে অন্তত তিনজন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি বলেন, গত কয়েক দিনে ইরান থেকে ১৮৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৮১২টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

তিনি দাবি করেন, এসবের মধ্যে ১৭২টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে, ১৩টি সমুদ্রে পড়েছে এবং একটি ক্ষেপণাস্ত্র আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে। অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করার আগেই ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। এই সংঘাতে কয়েকজন বাংলাদেশি নাগরিকও হতাহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।