যুদ্ধের প্রভাবে ব্রেন্ট তেলের দাম আবার ১০০ ডলার ছাড়ালো
ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আবার প্রতি ব্যারেল ১০০ ডলারের ঘর স্পর্শ করেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিবিসির এক লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার লেনদেনে ব্রেন্ট তেলের দাম প্রায় ৯ শতাংশ বেড়েছে।
তেলের বাজারে স্থিতিশীলতা ফেরাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ তাদের জরুরি মজুত থেকে রেকর্ড পরিমাণ তেল ছাড়ার ঘোষণা দিয়েছে। তবে এতেও দামের অস্থিরতা পুরোপুরি কমেনি।
আরও পড়ুন: খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা তেলের বাজারে বড় প্রভাব ফেলছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। সম্প্রতি এই নৌপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর বিরুদ্ধে হুমকি দিয়ে যাচ্ছে ইরান।
এর আগে গত সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রথমবারের মতো ১১০ ডলার ছাড়িয়ে যায়। এরপর থেকে দামে বড় ধরনের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।
আরও পড়ুন: ইরান-হিজবুল্লাহর নজিরবিহীন ড্রোন হামলায় লণ্ডভণ্ড ইসরায়েল
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর অতর্কিত হামলা চালানোর পর থেকেই দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়। টানা ১৩ দিন ধরে চলা এই যুদ্ধে উত্তেজনা আরও বাড়িয়েছে ইরানের হুঁশিয়ারি বার্তা। দেশটি জানিয়েছে, হামলা বন্ধ না হলে হরমুজ প্রণালি দিয়ে এক লিটার তেলও প্রবাহিত হতে দেবে না।
যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং তেলের দাম ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী রয়েছে।





