ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পরাজয় নিশ্চিত, বলছে ৮০টি থিংকট্যাংক

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ন, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:১৮ পূর্বাহ্ন, ০২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানে চলমান সংঘাতে সামরিক সক্ষমতায় এগিয়ে থাকলেও কৌশলগত লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান। বিশ্বের প্রায় ৮০টি প্রভাবশালী থিংকট্যাংক ও গবেষণা সংস্থার সাম্প্রতিক বিশ্লেষণে এই চিত্র উঠে এসেছে।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ-এর এক বিশেষ পর্যালোচনায় বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ইরান কৌশলগতভাবে তুলনামূলক শক্ত অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের মতে, সামরিকভাবে কিছু তাৎক্ষণিক সাফল্য পেলেও দীর্ঘমেয়াদী রণকৌশলগত লক্ষ্য পূরণে পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

আরও পড়ুন: হরমুজ প্রণালি পুনরায় চালু করতে ৩৫ দেশকে নিয়ে বৈঠক আজ

গবেষণায় উল্লেখ করা হয়, ইরানের রাজনৈতিক কাঠামো অস্থিতিশীল করা, প্রতিরক্ষা সক্ষমতা ভেঙে দেওয়া কিংবা দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করার যে লক্ষ্য ছিল, তা বাস্তবায়নে পশ্চিমা শক্তি সফল হয়নি। বরং তেহরান প্রতিরোধ গড়ে তুলে পরিস্থিতি নিজেদের অনুকূলে নিয়ে গেছে।

এই সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালি। বিশ্লেষকদের মতে, এই গুরুত্বপূর্ণ নৌপথকে ঘিরে ইরান অপ্রতিসম যুদ্ধকৌশল প্রয়োগ করে পরিস্থিতির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কার্যত কৌশলগত সুবিধা হারিয়েছে।

আরও পড়ুন: মার্কিন জনগণের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের খোলা চিঠি

বিশ্লেষণে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতি একটি দীর্ঘমেয়াদি ক্ষয়িষ্ণু যুদ্ধে রূপ নিয়েছে, যেখানে সময় যত গড়াচ্ছে, তা ইরানের পক্ষেই বেশি অনুকূল হয়ে উঠছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এমন এক অবস্থায় রয়েছে, যেখানে তাদের সামনে হয় প্রচারণামূলক বিজয় দেখানো, নয়তো উল্লেখযোগ্য অর্জন ছাড়াই যুদ্ধ থেকে সরে আসার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

এই গবেষণায় যুক্তরাষ্ট্রের ব্রুকিংস ইনস্টিটিউশন, কার্নেগি এন্ডোমেন্ট, র‍্যান্ড কর্পোরেশন ও হেরিটেজ ফাউন্ডেশন-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্য, ইউরোপ এবং এশিয়ার শীর্ষ গবেষণা সংস্থাগুলোর বিশ্লেষণও এতে স্থান পেয়েছে।

বিশেষজ্ঞদের অভিমত, সামরিক শক্তির পাশাপাশি কৌশলগত লক্ষ্য অর্জনই যুদ্ধে চূড়ান্ত ফল নির্ধারণ করে। আর এই দিক থেকেই বর্তমান পরিস্থিতিতে ইরান প্রতিপক্ষকে কার্যত আটকে দিতে সক্ষম হয়েছে।