হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে চীনের আহ্বান

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:৩৭ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি-তে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-র সঙ্গে টেলিফোনে আলাপকালে এ আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, ফোনালাপে ওয়াং ই বলেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা যেমন নিশ্চিত করা প্রয়োজন, তেমনি এই গুরুত্বপূর্ণ জলপথে নৌযান চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও বজায় রাখা জরুরি।

আরও পড়ুন: গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলা, নিহত অন্তত ৫

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি জটিল অবস্থায় পৌঁছেছে এবং বিশ্ব এখন সংঘাত ও শান্তির মধ্যবর্তী এক সংবেদনশীল পর্যায়ে রয়েছে। এই অবস্থায় শান্তির পথে এগোতে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল নিশ্চিত করা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

এ সময় ওয়াং ই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি বজায় রাখা এবং দুই দেশের আলোচনায় ফিরে আসার উদ্যোগকে চীনের পক্ষ থেকে সমর্থনের কথা জানান।

আরও পড়ুন: হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি ইরানের

তবে এই আহ্বানের জবাবে ইরানের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া এসেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল রপ্তানি সীমিত থাকলেও চীন দেশটির প্রধান ক্রেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে ইরানের মোট তেল রপ্তানির বড় একটি অংশই চীন আমদানি করে।

সূত্র : বিবিসি, সাউথ চায়না মর্নিং পোস্ট।