দুই মাস পর হরমুজ প্রণালি পাড়ি দিল এলএনজিবাহী ট্যাংকার
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর অবশেষে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অতিক্রম করেছে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)বাহী ট্যাংকার।
জাহাজ ট্র্যাকিং কোম্পানি ‘কিপলার’-এর তথ্য অনুযায়ী, এএফপি’র বিশ্লেষণে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাজ্যে এত ঘন ঘন প্রধানমন্ত্রী বদল হচ্ছে কেন?
প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় কোম্পানি অ্যাডনক পরিচালিত ‘মুবারক’ নামের ট্যাংকারটি ১ লাখ ৩২ হাজার ৮৯০ ঘনমিটার এলএনজি নিয়ে ২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের দাস আইল্যান্ড থেকে যাত্রা শুরু করে।
এরপর নিরাপত্তাজনিত কারণে বা অন্যান্য অজানা কারণে জাহাজটি মার্চের শেষ দিকে প্রায় এক মাসের জন্য তার স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (AIS) বন্ধ রাখে।
আরও পড়ুন: দুই দিনে ১৮ জনের মৃত্যু, তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ
পরে সোমবার ভারতীয় উপকূলে পৌঁছানোর পর জাহাজটির সিগন্যাল পুনরায় শনাক্ত করা হয়।
কিপলারের বিশ্লেষক চার্লস কোস্ট্রাউস জানান, ধারণা করা হচ্ছে জাহাজটি ১৮ বা ১৯ এপ্রিলের দিকে সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এটি একই সময়ে অন্যান্য কয়েকটি জাহাজের চলাচলের প্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
উল্লেখ্য, চলতি বছরের মার্চের শুরুতে উত্তেজনার কারণে এই নৌপথে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এ সময়ের মধ্যে কেবল ‘সোহার’ নামের একটি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছিল, তবে সেটিতে খুবই সীমিত পণ্য ছিল।
কিপলারের তথ্যে আরও বলা হয়, ১ মার্চ থেকে এখন পর্যন্ত পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে ৭০টিরও বেশি অপরিশোধিত তেলবাহী জাহাজ যাত্রা করেছে, যার একটি বড় অংশ ইরানের বিভিন্ন বন্দর থেকে রওনা হয়েছে।





