পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার দাবি

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ন, ০৮ মে ২০২৬ | আপডেট: ১:৫৭ পূর্বাহ্ন, ০৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হয়েছে বলে একাধিক সূত্রে দাবি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন বলে জানা যায়।

বৈঠক শেষে বিজেপি শিবিরে পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয় এবং শুভেন্দু অধিকারীর নাম সর্বসম্মতভাবে সামনে আসে বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। এর মাধ্যমে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নেতৃত্বের পথ আরও সুস্পষ্ট হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

আরও পড়ুন: আগ্রাসন হলে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

শুক্রবার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে অমিত শাহ প্রধান পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন এবং সহকারী পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

বৈঠকে দলীয় সূত্র অনুযায়ী, পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য একাধিক প্রস্তাব এলেও অধিকাংশ ক্ষেত্রেই শুভেন্দু অধিকারীর নামই একমাত্র প্রস্তাব হিসেবে উঠে আসে। পরে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই তাঁকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করা হয় বলে দাবি করা হয়।

আরও পড়ুন: ‘ইরান শোচনীয়ভাবে হেরে যাচ্ছে, এখন চুক্তি করতে চায়’: ট্রাম্প

রাজনৈতিক সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্তের পর শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাতে পারেন। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতির কথাও শোনা যাচ্ছে।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক সরকারি বিজ্ঞপ্তি বা চূড়ান্ত প্রশাসনিক ঘোষণা স্পষ্টভাবে প্রকাশিত হয়নি, ফলে পুরো প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহল অব্যাহত রয়েছে।

এর আগে শুভেন্দু অধিকারী রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন বলে উল্লেখ করা হয়। নন্দীগ্রাম ও ভবানীপুরসহ বিভিন্ন নির্বাচনী এলাকায় তাঁর ফলাফল বিজেপির অভ্যন্তরে নেতৃত্ব নির্বাচনে প্রভাব ফেলেছে বলেও রাজনৈতিক মহল মনে করছে।

সূত্র: আনন্দবাজার