পাকিস্তানে পুলিশ পোস্টে গাড়িবোমা হামলায় নিহত ৩

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ন, ১০ মে ২০২৬ | আপডেট: ৫:২১ অপরাহ্ন, ১০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তান-এর উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ চৌকিতে গাড়িবোমা হামলার পর তীব্র বন্দুকযুদ্ধে অন্তত তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। হামলার ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (৯ মে) গভীর রাতে আফগানিস্তান সীমান্তঘেঁষা বান্নু জেলায় এ হামলার ঘটনা ঘটে। অঞ্চলটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের অন্তর্গত।

আরও পড়ুন: হুতি হামলায় বিপর্যস্ত সৌদি

পুলিশ কর্মকর্তা জাহিদ খান বার্তা সংস্থা এপিকে জানান, এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে নিরাপত্তা চৌকির কাছে বিস্ফোরণ ঘটায়। এরপর একাধিক বিস্ফোরণ এবং গোলাগুলির ঘটনা ঘটে। শক্তিশালী বিস্ফোরণে নিরাপত্তা পোস্টটি আংশিক ধসে পড়ে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, বিস্ফোরণের প্রভাবে আশপাশের বেসামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত দুজন সাধারণ মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে সহায়তায় যাওয়া পুলিশ সদস্যদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়।

আরেক পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বর্তমানে অভিযান চলছে এবং তা শেষ হওয়ার পর পূর্ণ ক্ষয়ক্ষতির তথ্য জানা যাবে।

পুলিশ সূত্রের দাবি, হামলাকারীরা হামলায় ড্রোনও ব্যবহার করেছে। ঘটনার পর উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বান্নুর সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে সীমান্তবর্তী অঞ্চলে এ হামলা নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।