গুরুত্ব পাচ্ছে হরমুজ প্রণালীর সংকট
ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং–এর সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৪ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, চলমান বাণিজ্য সংঘাতের পাশাপাশি মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীর অচলাবস্থা নিরসনের বিষয়টিও এবারের বৈঠকে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে সবরকম পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার
স্থানীয় সময় বুধবার (১৩ মে) বেইজিংয়ে পৌঁছান ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্টসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ২০১৭ সালের পর এটিই ট্রাম্পের প্রথম চীন সফর।
বৃহস্পতিবার শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান ট্রাম্প। ঐতিহাসিক এই ভবনটি ১৯৫৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার দশম বার্ষিকী উপলক্ষে নির্মাণ করা হয়েছিল। তিয়ানআনমেন স্কয়ারের পশ্চিম পাশে অবস্থিত ভবনটিতে চীন সাধারণত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠান ও বিদেশি অতিথিদের সংবর্ধনার আয়োজন করে।
আরও পড়ুন: তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র–চীন সংঘাতের আশঙ্কা
ট্রাম্প সেখানে পৌঁছালে ২১ বার তোপধ্বনির মাধ্যমে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। পরে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় ট্রাম্পকে স্যালুট দিতে দেখা যায় এবং তার পাশে লাল ও সোনালি রঙের মঞ্চে দাঁড়িয়ে ছিলেন শি জিনপিং।
এরপর চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে রঙিন পোশাক পরিহিত কয়েকজন চীনা শিক্ষার্থী দুই দেশের পতাকা ও ফুল নাড়িয়ে অতিথিদের শুভেচ্ছা জানায়।





