ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি: চুক্তি না হলে দেশটি ‘সম্পূর্ণ ধ্বংস হবে’

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ন, ১৫ মে ২০২৬ | আপডেট: ১২:০৫ অপরাহ্ন, ১৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানকে আবারও কঠোর ভাষায় সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানকে দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক চুক্তিতে পৌঁছাতে হবে, অন্যথায় দেশটি “সম্পূর্ণ ধ্বংসের” মুখোমুখি হতে পারে।

চীন সফরকালে মার্কিন একটি টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তারা চুক্তি করবে, না হলে তাদের ধ্বংস হয়ে যেতে হবে।”

আরও পড়ুন: পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৮ সেনাসদস্য নিহত

তিনি দাবি করেন, ইরান তাদের কিছু সামরিক অস্ত্র, বিশেষ করে ক্ষেপণাস্ত্র, ভূগর্ভস্থ স্থাপনা থেকে সরিয়ে নিয়েছে এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে সম্পূর্ণ অবগত রয়েছে। ট্রাম্পের ভাষ্য, প্রয়োজন হলে এসব সামরিক সক্ষমতা খুব দ্রুত ধ্বংস করা সম্ভব।

তবে একইসঙ্গে ইরানের বর্তমান নেতৃত্ব নিয়ে তুলনামূলক ইতিবাচক মন্তব্যও করেন তিনি। ট্রাম্প বলেন, নতুন কিছু কর্মকর্তা আগের তুলনায় বেশি “যুক্তিসঙ্গত ও বুদ্ধিমান” এবং আলোচনায় ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন।

আরও পড়ুন: ইরানকে অস্ত্র না দেওয়ার আশ্বাস চীনের, দাবি ট্রাম্পের

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা প্রসঙ্গে ট্রাম্প বলেন, বিষয়টি কেবল নিরাপত্তার নয়, বরং জনমতের সঙ্গেও সম্পর্কিত। তিনি দাবি করেন, এই ইস্যুটি প্রথম তিনিই সামনে এনেছিলেন।

এদিকে বেইজিং সফররত মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, চীন স্পষ্টভাবে চায় হরমুজ প্রণালি যেন কোনো ধরনের সামরিক নিয়ন্ত্রণ, বাধা বা টোল ছাড়াই খোলা থাকে।

গ্রিয়ারের মতে, বর্তমান পরিস্থিতিতে চীন বাস্তববাদী অবস্থান নিচ্ছে এবং ইরানের পক্ষে সরাসরি অবস্থান নিতে আগ্রহী নয়। তিনি বলেন, ওয়াশিংটনের বিশ্বাস—চীন আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখবে এবং ইরানকে অতিরিক্ত সহায়তা দেওয়া থেকে বিরত থাকবে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র, ইরান ও চীনের অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে।