ভারতের উত্তর প্রদেশে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে মৃত্যু বেড়ে ১১১

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ন, ১৫ মে ২০২৬ | আপডেট: ৪:১১ অপরাহ্ন, ১৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে প্রবল শিলাবৃষ্টি, ভারি বর্ষণ ও বজ্রপাতে অন্তত ১১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭২ জন। বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজ্যের ২৫টি জেলায় এসব হতাহতের ঘটনা ঘটে।

উত্তর প্রদেশের ত্রাণ কমিশনার ঋষিকেশ ভাস্কর যশোদের কার্যালয় জানিয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে প্রয়াগরাজ জেলায়। সেখানে ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মির্জাপুরে ১৯ জন, সন্ত রবিদাসনগরে ১৬ জন এবং ফতেহপুরে ১১ জন প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: হুতি হামলায় বিপর্যস্ত সৌদি

প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের বিভিন্ন এলাকায় অন্তত ১৭০টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি ২২৭টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ত্রাণ কমিশনারের দপ্তর জানিয়েছে, ইন্টিগ্রেটেড কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারের মাধ্যমে জেলার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর খোঁজখবর নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

এদিকে ঝড়ের মধ্যে উত্তর প্রদেশের বেরেলি জেলার ভামোরা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বাবিয়ানা গ্রামের বাসিন্দা নানহে আনসারি ঝড়ের তীব্র বাতাসে একটি টিনের চালের সঙ্গে প্রায় ৫০ ফুট ওপরে উঠে যান। পরে তিনি একটি ভুট্টাখেতে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।