ব্যাংককে ট্রেন-বাস সংঘর্ষে ভয়াবহ আগুন, নিহত ৮

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ন, ১৬ মে ২০২৬ | আপডেট: ৬:৪২ অপরাহ্ন, ১৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।

শনিবার দেশটির পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

আরও পড়ুন: বাংলাদেশকে জেএফ-১৭ ব্লক ৩ সিমুলেটর দিল পাকিস্তান

উদ্ধারকর্মীরা জানান, একটি ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের পরপরই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশে থাকা কয়েকটি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

সংঘর্ষের পর বাসটিতে দ্রুত আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের যানবাহনেও ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: হরমুজ প্রণালি ইস্যুতে মার্কিন প্রস্তাবের কড়া সমালোচনা চীনের

খবর পেয়ে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ব্যাংকক পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া যানবাহনের ভেতর থেকে আহতদের বের করে আনতে একাধিক উদ্ধারকারী দল কাজ করছে। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা দীর্ঘ সময় চেষ্টা চালান।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। উদ্ধারকর্মীরা এলাকা ঠান্ডা করা এবং জমে থাকা গ্যাস অপসারণের কাজ করছেন। এছাড়া আরও হতাহত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি অব্যাহত রয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে থাই কর্তৃপক্ষ।