ইরানে সামরিক পদক্ষেপে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক, মার্কিন সিনেটে প্রস্তাব পাস

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ন, ২৪ জুন ২০২৬ | আপডেট: ১১:০৬ পূর্বাহ্ন, ২৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস করেছে মার্কিন সিনেট। প্রস্তাব অনুযায়ী, ইরানে কোনো সামরিক অভিযান বা পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের অনুমোদন নিতে হবে।

মঙ্গলবার (২৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: যুক্তরাজ্যে এত ঘন ঘন প্রধানমন্ত্রী বদল হচ্ছে কেন?

প্রস্তাবটি সিনেটে ৫০-৪৮ ভোটে পাস হয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে এটি মার্কিন প্রতিনিধি পরিষদেও অনুমোদন পায়।

বর্তমানে সিনেটে সংখ্যাগরিষ্ঠ অবস্থানে থাকা রিপাবলিকান পার্টি-এর কয়েকজন সদস্য দলীয় অবস্থানের বাইরে গিয়ে প্রস্তাবটির পক্ষে ভোট দেন। অন্যদিকে একজন ছাড়া প্রায় সব ডেমোক্রেটিক পার্টি সদস্য এতে সমর্থন জানান।

আরও পড়ুন: দুই দিনে ১৮ জনের মৃত্যু, তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ

প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া রিপাবলিকান সিনেটররা হলেন বিল কাসিডি, লিসা মুরকোস্কি, সুসান কলিন্স এবং র‍্যান্ড পল। তবে মিচ ম্যাককনেল ও ডেভ ম্যাককরমিক ভোটদানে অংশ নেননি।

মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধসংক্রান্ত এমন একটি প্রস্তাব কংগ্রেসের উভয় কক্ষে অনুমোদন পেলেও এটি কার্যকর হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রস্তাবে ভেটো দিতে পারেন।

ডেমোক্রেট নেতা চাক শুমার বলেন, ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের নীতির কারণে যুক্তরাষ্ট্র বিভ্রান্তি, অস্থিরতা ও ক্ষতির মুখে পড়েছে।

প্রস্তাবে ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করে মার্কিন সশস্ত্র বাহিনীকে সরিয়ে নেওয়ার নির্দেশনা রাখা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের ওপর সম্ভাব্য আসন্ন হামলা প্রতিরোধে সীমিত সামরিক উপস্থিতি বজায় রাখার সুযোগ থাকবে।

এদিকে জেমস রিশ সতর্ক করে বলেছেন, এ ধরনের পদক্ষেপ চলমান কূটনৈতিক আলোচনায় প্রেসিডেন্টের অবস্থান দুর্বল করতে পারে এবং ইরানকে আলোচনার টেবিল থেকে সরে যাওয়ার সুযোগ দিতে পারে।

অন্যদিকে বার্তাসংস্থা রয়র্টাস পরিচালিত এক জরিপে দেখা গেছে, মাত্র ২৪ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধকে যৌক্তিক বলে মনে করেন।