১০ হাজার অনুপ্রবেশকারী বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি শুভেন্দু অধিকারীর

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ন, ২৪ জুন ২০২৬ | আপডেট: ৪:৫৫ অপরাহ্ন, ২৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ শনাক্তকরণ ও বহিষ্কার অভিযান জোরদার করা হয়েছে বলে দাবি করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার (২৩ জুন) রাজ্য বিধানসভায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, এ পর্যন্ত ১০ হাজার অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে এবং আরও ১ হাজার ৮০০ জন বহিষ্কারের অপেক্ষায় রয়েছেন।

বিধানসভায় বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আমরা ইতিমধ্যে ১০ হাজার অবৈধ অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি এবং আরও ১ হাজার ৮০০ জন ফিরে যাওয়ার জন্য ১২টি হোল্ডিং সেন্টারে অপেক্ষা করছেন। আমরা প্রতিদিন নিয়ম করে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছি।”

আরও পড়ুন: ইরানে সামরিক পদক্ষেপে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক, মার্কিন সিনেটে প্রস্তাব পাস

তিনি দাবি করেন, এই অভিযান শুধুমাত্র অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে এবং ভারতের বৈধ নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

শুভেন্দু বলেন, “দেশের নাগরিকদের, তারা যে ধর্মেরই হোন না কেন, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কেন্দ্রীয় সরকারের নির্দেশনা মেনেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়টি জড়িত।”

আরও পড়ুন: যুক্তরাজ্যে এত ঘন ঘন প্রধানমন্ত্রী বদল হচ্ছে কেন?

এ সময় তিনি আরও জানান, যারা স্বেচ্ছায় ভারত ত্যাগ করতে চান, তাদের সীমান্তপথে ফিরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হবে না।

বিধানসভায় শুভেন্দু অধিকারী দাবি করেন, বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ১৪২ একর জমি হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, অতীতে ভোটব্যাংকের রাজনীতির কারণে বিএসএফকে প্রয়োজনীয় জমি দেওয়া হয়নি। তবে বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করেছে।

শুভেন্দুর দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যকার ২,২১৬.৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে ১,৬৪৭.৬৯ কিলোমিটারে ইতোমধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট অংশের কাজও দ্রুত শেষ করা হবে বলে তিনি জানান।