মার্কিন হামলার পর কাতার, বাহরাইন ও কুয়েতে ইরানের পাল্টা হামলা
ইরানে যুক্তরাষ্ট্রের রাতভর হামলার পর কাতার, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। হামলার লক্ষ্য ছিল এসব দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও অন্যান্য সামরিক অবকাঠামো।
ইরানের হামলার পর বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের আতঙ্কিত না হয়ে নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: মাশহাদে ইমাম রেজা মাজারে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন
ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজের দাবি, কুয়েতে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে তাদের হামলার প্রভাব পড়েছে।
এদিকে অপর একটি সূত্রের তথ্য অনুযায়ী, বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। হামলার পর ওই এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন: চীনের জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৮
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার পরই ইরান পাল্টা হামলা শুরু করেছে। তবে যুদ্ধের শুরুর দিকের তুলনায় বর্তমান হামলার তীব্রতা তুলনামূলক কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের গোলেস্তান প্রদেশের একটি রেলসেতুতে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলার কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে বাহিনীটি।
সূত্র: সিএনএন, তাসনিম





