পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ১০:২৬ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ৩৪ জন শ্রমিক নিহত হয়েছেন। আরও কয়েকজন শ্রমিক নিখোঁজ থাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলুচিস্তানের রাজধানী কোয়েটার কাছাকাছি সোরাঙ্গে এলাকার একটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিথেন গ্যাসের বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম

শুক্রবার (৩১ জুলাই) ভোরে এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকারী দল এখন পর্যন্ত ৩৪ জনের মরদেহ উদ্ধার করেছে। তবে খনিতে বিস্ফোরণের সময় ঠিক কতজন শ্রমিক কাজ করছিলেন, তা এখনও নিশ্চিত করা হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, খনির ভেতরে আটকে পড়া বাকি শ্রমিকদের খুঁজে বের করতে যৌথ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

প্রত্যক্ষদর্শী ও খনি শ্রমিক আহমেদ জাদা জানান, বিস্ফোরণের শব্দ শোনার পর আশপাশের অন্য শ্রমিকরা উদ্ধারকাজে অংশ নিতে খনিতে প্রবেশ করেন। কিন্তু তারাও বিস্ফোরণের শিকার হয়ে প্রাণ হারান।

দুর্ঘটনার পর খনির প্রবেশমুখে নিহতদের স্বজন, উদ্ধারকর্মী ও স্থানীয় শ্রমিকদের ভিড় দেখা যায়। উদ্ধারকারীরা খনির ভেতর থেকে মরদেহ স্ট্রেচারে করে বের করে অ্যাম্বুলেন্সে তুলে দেন।

পাকিস্তানে, বিশেষ করে বেলুচিস্তান প্রদেশে, খনিদুর্ঘটনা প্রায়ই ঘটে। শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো দীর্ঘদিন ধরে খনি খাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং কার্যকরভাবে বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে।

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে অনুন্নত প্রদেশগুলোর একটি। শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন সূচকে প্রদেশটি দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পিছিয়ে রয়েছে। তবে এখানে কয়লার পাশাপাশি স্বর্ণ ও তামার উল্লেখযোগ্য মজুত রয়েছে।

সূত্র: রয়র্টাস