১৬ বছরের শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে
যুক্তরাজ্যে ১৬ বছর বয়সী এক কিশোর শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে ৩০ বছর বয়সী এক নারী শিক্ষিকার বিরুদ্ধে। নিজের বাসায় বসে টেলিভিশনে উইম্বলডন টেনিস ম্যাচ দেখার সময় ওই শিক্ষার্থীর সঙ্গে তিনি অনৈতিকভাবে ঘনিষ্ঠ হন বলে আদালতে জানানো হয়েছে।
অভিযোগের তির উঠেছে ইংল্যান্ডের সাউদাম্পটনের একটি স্কুলের সাবেক শারীরিক শিক্ষা (পিই) শিক্ষিকা ব্রনওয়েন জেমসের বিরুদ্ধে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি সংকটের নতুন শঙ্কা
প্রসিকিউশনের দেওয়া তথ্যানুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ‘স্ন্যাপচ্যাট’-এর মাধ্যমে তাদের যোগাযোগের সূত্রপাত হয়। প্রথমে ওই শিক্ষার্থী স্ন্যাপচ্যাটে যুক্ত হওয়ার অনুরোধ জানালে শিক্ষিকা তা ফিরিয়ে দেন। পরে তিনি নিজেই এতে সাড়া দেন। এরপর তাদের মধ্যে নিয়মিত বার্তা আদান-প্রদান শুরু হয় এবং ক্রমান্বয়ে তা অনৈতিক সম্পর্কে রূপ নেয়।
আদালতে উপস্থাপিত নথিতে বলা হয়, প্রথমে তারা বাইরে সাক্ষাৎ করতেন এবং গাড়ির ভেতর অন্তরঙ্গ হতেন। পরবর্তীতে ওই কিশোরকে নিজের বাড়িতে নিয়ে যান ব্রনওয়েন জেমস। সেখানে একসঙ্গে খেলা দেখার একপর্যায়ে তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হন।
আরও পড়ুন: নেপালের জলবিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ শ্রমিক উদ্ধার
প্রসিকিউশন আরও দাবি করে, অভিযুক্ত শিক্ষিকা কিশোরটির প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছিলেন এবং অন্য কোথাও চলে যাওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। এমনকি একান্ত মুহূর্তগুলোতেও নিজেকে ‘মিস’ বলে সম্বোধন করতে বাধ্য করতেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী কিশোরের ভাষ্য অনুযায়ী, সম্পর্কের শুরুতে বিষয়টিকে সে ইতিবাচক বা স্বাভাবিক মনে করলেও পরবর্তীতে বুঝতে পারে, সে মনস্তাত্ত্বিক ফাঁদে (গ্রুমিং) পড়েছিল।
বর্তমানে ব্রনওয়েন জেমসের বিরুদ্ধে কিশোরের সঙ্গে যৌন সম্পর্কিত মোট চারটি পৃথক অভিযোগ আনা হয়েছে। তবে তিনি আদালতে লিখিত বক্তব্য পেশ করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
এদিকে জুরি বোর্ড ভেঙে দেওয়ার কারণে গত বুধবার মামলার শুনানি সাময়িকভাবে স্থগিত করা হয়। পরবর্তীতে নতুন জুরি গঠনের মাধ্যমে বিচারকার্য পুনরারম্ভের আদেশ দিয়েছেন আদালত।





