কঙ্গোতে ১০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অন্তত ৪১

Shahrier Islam Pallab
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:৩৬ পূর্বাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে প্রায় ১০০ যাত্রী ও পণ্যবোঝাই একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ৪৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের উদ্ধারে এখনো তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআর কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাত্রা করা নৌকাটি মাপেরা গ্রামের কাছে ডুবে যায়। ডিআর কঙ্গোর টাঙ্গানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোয়ি এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: মিসরে জ্বালানিবাহী যানবাহনে ভয়াবহ আগুন, নিহত ৩০

উদ্ধার হওয়া যাত্রীদের একজন অ্যানি মোয়োনি জাতিসংঘ-সমর্থিত রেডিও ওকাপিকে জানান, স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে ঘুমন্ত যাত্রীরা হঠাৎ জেগে ওঠেন। এ সময় তারা দেখতে পান নৌকাটি একদিকে কাত হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই সেটি পানিতে ডুবে যায়।

নৌকাডুবির সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ডিআর কঙ্গোতে অতিরিক্ত যাত্রী ও পণ্য বহন এবং পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামের অভাব নৌদুর্ঘটনার অন্যতম কারণ হয়ে থাকে।

আরও পড়ুন: ট্রাম্পের নতুন শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় মার্কিন শেয়ারবাজারে ধস

দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক নৌদুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় শত শত মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে।