নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্তে প্রাণ গেল ৩২ আরোহীর

Shahrier Islam Pallab
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৪৯ পূর্বাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩২ জন। বিধ্বস্ত সামরিক বিমানটির ২৫ যাত্রী ও সাত ক্রু সদস্যের কেউই বাঁচতে পারেননি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু। সোমবার (৫ অক্টোবর) দেশটির অর্থনৈতিক কেন্দ্র লাগোসে একটি রুটিন মিশনে যাওয়ার সময় বিমানটি অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় বিধ্বস্ত হয়।

নাইজেরিয়ার এভিয়েশন বিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো জানান, স্থানীয় সময় সকাল ৯টার দিকে উড্ডয়নের পর বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এডো প্রদেশ থেকে লাগোস যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়। একটি নৌঘাঁটির কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে।

আরও পড়ুন: মিসরে জ্বালানিবাহী যানবাহনে ভয়াবহ আগুন, নিহত ৩০

দুর্ঘটনার পরপরই অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে দেশটির বিমানবাহিনী।

বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল এটিআর-৪২ মডেলের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী দলের সদস্যরা নৌকায় করে দুর্ঘটনাস্থলে অভিযান চালাচ্ছেন। এ সময় ঘটনাস্থলের আশপাশে উৎসুক মানুষের ভিড়ও দেখা যায়।

আরও পড়ুন: ট্রাম্পের নতুন শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় মার্কিন শেয়ারবাজারে ধস

স্থানীয় এক ব্যক্তি জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় কয়েকটি গাছ ভেঙে পড়ে। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনের দেহাবশেষ, পোশাক ও জুতা পাওয়া গেছে। 

সূত্র: ডয়চে ভেলে