বিশ্ববাজারে আবরও বাড়ল জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বুধবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১০১ ডলার ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরীয় এলাকায় ঝড়ের কারণে তেল ও গ্যাস সরবরাহে বিঘ্নের আশঙ্কা এবং দেশটিতে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ায় বাজারে দামের ওপর ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে।
বুধবার ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ৯৩ সেন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১.৫১ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮২ সেন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০.২৫ ডলারে লেনদেন হচ্ছে।
আরও পড়ুন: রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
মেক্সিকো উপসাগরে সৃষ্টি হওয়া একটি ক্রান্তীয় ঝড় দ্রুত শক্তিশালী হয়ে বছরের প্রথম আটলান্টিক হারিকেনে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস উৎপাদন এবং শোধনাগারগুলোর কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের মোট অপরিশোধিত তেল উৎপাদনের প্রায় ১৫ শতাংশ এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদনের প্রায় ৫ শতাংশ মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে হয়। ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকার ছয়টি শোধনাগারের কার্যক্রমও ব্যাহত হতে পারে। দেশটির উপসাগরীয় উপকূলীয় অঙ্গরাজ্যগুলো যুক্তরাষ্ট্রের মোট পরিশোধন সক্ষমতার প্রায় অর্ধেকের প্রতিনিধিত্ব করে। যুক্তরাষ্ট্রের মোট পরিশোধন সক্ষমতা দৈনিক প্রায় ১ কোটি ৮২ লাখ ব্যারেল।
আরও পড়ুন: পুলিশের বিরুদ্ধে অভিযোগ, বাবরি মসজিদের মূল উদ্যোক্তা গ্রেপ্তার
তেলের দাম বাড়ার পেছনে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়াও ভূমিকা রাখছে। ২ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত ২০ লাখ ৯০ হাজার ব্যারেল কমেছে। একই সময়ে পেট্রোলের মজুতও কমেছে। তবে পরিশোধিত জ্বালানি বা ডিস্টিলেটের মজুত সামান্য বেড়েছে।
এদিকে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। মঙ্গলবার সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে প্রতিদিন ৫৮ লাখ ব্যারেল তেল পরিবহন হয়েছে। গত সাত থেকে ১০ দিনে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং ২০ লাখ ব্যারেল পরিশোধিত জ্বালানি সরবরাহ হয়েছে।
তবে সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অঞ্চলটির ভূরাজনৈতিক উত্তেজনা এখনো কাটেনি। সোমবার সন্ধ্যায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জাজান ও নাজরান বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর অভিযান চলার মধ্যেই এসব হামলা হয়েছে। ওই অভিযানে রিয়াদ আকাশপথে সহায়তা দিচ্ছে।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের ঝড়জনিত সরবরাহ ঝুঁকি এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বিশ্ববাজারে তেলের দামে প্রভাব ফেলছে। ফলে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বর্তমানে ব্যারেলপ্রতি ১০০ ডলারের আশপাশে অবস্থান করছে।





