শাপলা চত্বর মামলা
দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার (১৩ মে) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এর আগে সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আরও পড়ুন: ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন সুবিধা
মামলার তদন্ত সংস্থার আবেদনের পর গত ৭ মে তাদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। ওই শুনানিতে প্রসিকিউশন পক্ষ দাবি করে, ২০১৩ সালের ঘটনায় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডা. দীপু মনি আন্তর্জাতিক অঙ্গনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পক্ষে প্রচারণা চালান।
এছাড়া সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে ওই ঘটনার বিষয়ে উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগ আনা হয়। সে সময় মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
শুনানির পর ট্রাইব্যুনাল তাদের হাজিরের নির্দেশ দেন। পরবর্তীতে বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হলে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
এ মামলায় এর আগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলসহ একাধিক ব্যক্তি কারাগারে রয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, শাপলা চত্বরের ঘটনার মানবতাবিরোধী অপরাধ তদন্তে মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দপ্তরে দায়ের করা হয় হেফাজতে ইসলামের পক্ষ থেকে।





