রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ন, ০১ জুন ২০২৬ | আপডেট: ২:০১ অপরাহ্ন, ০১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে বহুল আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। সোমবার (১ জুন) ঢাকার সংশ্লিষ্ট আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুল রহমান দুলু আদালতে আসামিদের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র পাঠ করে শোনান। এর আগে সকাল পৌনে ৮টার দিকে প্রিজনভ্যানে করে দুই আসামিকে আদালতে হাজির করা হয়।

আরও পড়ুন: শিশু রামিসা হত্যায় নতুন নাম ডলার নিয়ে রহস্য তৈরি!

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হয় শিশু রামিসা। অভিযোগ রয়েছে, আসামি সোহেল রানা কৌশলে তাকে ভবনের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে যায়। পরে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খোঁজাখুঁজির এক পর্যায়ে রামিসার মা আসামিদের কক্ষের সামনে তার জুতা দেখতে পান।

এরপর কোনো সাড়া না পেয়ে ভবনের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে নিয়ে কক্ষে প্রবেশ করলে সোহেল রানা ও স্বপ্না আক্তারের শোবার ঘরে শিশুটির মরদেহ দেখতে পান। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনাস্থলে স্বপ্না আক্তার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রামিসা হত্যা মামলায় আদালতে সোহেল রানা ও স্ত্রী স্বপ্না

ঘটনার পর শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর প্রথমে স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে আটক করে পুলিশ।

পরদিন ২০ মে সোহেল রানা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। একই দিনে আদালতের নির্দেশে স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়। আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং পরবর্তী ধাপে সাক্ষ্যগ্রহণসহ নিয়মিত বিচার প্রক্রিয়া চলবে।