প্রতারণার মামলায় গ্রেপ্তার বিদিশা সিদ্দিক আদালতে
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে আদালতে পাঠিয়েছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে গুলশান থানা থেকে তাকে আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।
এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের এরাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গত মে মাসে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: মাগুরার শিশু আছিয়া হত্যা মামলার রায় পিছিয়েছে, নতুন দিন সোমবার
রায়ে বলা হয়, জরিমানার অর্থ পরিশোধ না করলে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার নথি অনুযায়ী, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেন।
দীর্ঘদিন পর ওই মামলায় আদালতের রায়ে বিদিশার সাজা হয়। এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এখন আদালতে তাকে হাজির করার পর পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, সেটিই দেখার বিষয়।
আরও পড়ুন: আছিয়া হত্যা ও ধর্ষণ মামলা: হিটু শেখের ডেথ রেফারেন্সের রায় আজ





