বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ন, ০৩ মে ২০২৬ | আপডেট: ২:৩০ অপরাহ্ন, ০৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বজুড়ে আজ রোববার (৩ মে) পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এ দিনটি গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার নীতিমালা রক্ষা এবং তথ্যপ্রবাহের অবাধ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য— ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।

দিবসটি উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে নানা আয়োজন করছেন।

আরও পড়ুন: জবি প্রেসক্লাবের সভাপতি হলেন শাহরিয়ার হোসেন

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৩ মে তারিখটিকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

এই দিনে গণমাধ্যমের স্বাধীনতার মৌলিক নীতিমালা অনুসরণের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিস্থিতি মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার অঙ্গীকার এবং দায়িত্ব পালনে নিহত ও নির্যাতিত সাংবাদিকদের স্মরণ করা হয়।

আরও পড়ুন: জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ

এদিকে, দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) তাদের বার্ষিক ‘বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচক’ প্রকাশ করেছে। সূচকে দেখা গেছে, এ বছর ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম, যা গত বছরের তুলনায় তিন ধাপ পিছিয়েছে (গত বছর ছিল ১৪৯তম)।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রাজধানীতে একটি র‌্যালির আয়োজন করেছে। সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

এছাড়া সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস রোডে অবস্থিত তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।