ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৭ মাত্রার বেশি শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানার পর ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ও গবেষণা সংস্থা (ইউএসজিএস)। সংস্থাটি বলছে, এ দুর্যোগে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টার দিকে কয়েক সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫।
আরও পড়ুন: ‘ইরান শোচনীয়ভাবে হেরে যাচ্ছে, এখন চুক্তি করতে চায়’: ট্রাম্প
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকা। ওই অঞ্চলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারও রয়েছে বলে জানা গেছে।
ঘটনার দিন ভেনেজুয়াজুড়ে জাতীয় ছুটি থাকায় অনেক মানুষ নিজ নিজ বাসভবনে অবস্থান করছিলেন। এমন সময় শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানায় ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন শহর ও গ্রামীণ এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু স্থাপনা ধসে পড়েছে।
ইউএসজিএস জানিয়েছে, ভেনেজুয়েলার অধিকাংশ ভবন ও আবাসিক স্থাপনা ভূমিকম্প-সহনশীল প্রযুক্তি অনুসরণ করে নির্মিত নয়। ফলে হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পের পরপরই সম্ভাব্য সুনামির ঝুঁকি বিবেচনায় সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।
তবে এখন পর্যন্ত দেশটির কর্তৃপক্ষের পক্ষ থেকে হতাহত ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ চালিয়ে যাচ্ছে।





