বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ডেনমার্ক, রাষ্ট্রপতিকে জানালেন রাষ্ট্রদূত
ডেনমার্ক বাংলাদেশে তথ্য-প্রযুক্তিখাতসহ বিভিন্নখাতে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন।বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি একথা জানান। খবর বাসসের
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সফল দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি।ডেনমার্ক বাংলাদেশকে স্বীকৃতিদানকারী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে প্রথম উল্লেখ করে রাষ্ট্রপতি ডেনমার্কের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। এ ক্ষয়ক্ষতি মোকাবিলায় ডেনমার্ক ও বাংলাদেশ একযোগে কাজ করতে পারে।
আরও পড়ুন: সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা
গত বছরে ‘সাসটেইনাবল অ্যান্ড গ্রিনফ্রেম ওয়ার্ক এনগেজমেন্ট’ স্বাক্ষরিত হওয়ায় রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করে বলেন, এর ফলে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনতে সক্ষম হবে।
রোহিঙ্গা ইস্যুতে রাজনৈতিক ও মানবিক সহায়তা দেওয়ার জন্য ডেনমার্ককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।রোহিঙ্গা প্রত্যাবাসনে ডেনমার্কসহ আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন অংশীদারসহ সবাইকে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখার অনুরোধ ও জানান রাষ্ট্রপতি।
আরও পড়ুন: মির্জা ফখরুলকে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর। সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা বলেন তিনি।
ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত তাঁর দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ডেনমার্কের সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।





