গৃহকর্মীর মৃত্যুর জেরে বনশ্রীতে ৩ গাড়িতে আগুন
রাজধানীর রামপুরা বনশ্রীতে গৃহকর্মীর মৃত্যুর জেরে বিক্ষুব্ধ এলাকাবাসী ভবনের নিচে পার্কিং করা তিনটি গাড়িতে আগুন দিয়েছে। রোববার সকালে বনশ্রী ডি ব্লকের ৪ নম্বর সড়কের ৩২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও রামপুরা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসীর নিক্ষেপ করা ইটের আঘাতে রামপুরা থানার ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত হন।
আরও পড়ুন: ঢাবিতে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ডি ব্লকের ৪ নং সড়কের ৩২ নং বাসার এক গৃহকর্মী মারা যাওয়ার খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। আসমা বেগম (৩৩) নামে ওই গৃহকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় লোকজন সকাল ৮টা থেকে বনশ্রী ডি ব্লকের ৪ নম্বর রোডের ৩২ নম্বর বাসার সামনে জড়ো হয়। এ সময় তারা পুলিশকে লাশ উদ্ধারে বাধা দেয়।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একপর্যায়ে তারা বাড়িটির নিচ তলায় গ্যারেজে রাখা ৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ সৃষ্টি হয়। এতে তিনিসহ ৫ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: ঢাবিতে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন
ওসি জানান, ওই গৃহকর্মী ভবন থেকে পড়ে মারা গেছেন নাকি তাকে ফেলে দেওয়া হয়েছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। গৃহকর্তার ছেলে আইনজীবী মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।





