বোরো ধান বিক্রি করে ৯৬ হাজার টাকা পেলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পৈতৃক জমিতে উৎপাদিত বোরো ধান বিক্রি করেছেন। টুঙ্গিপাড়া খাদ্য গুদামে ৭৫ বস্তা ধান বিক্রি করে তিনি ৯৬ হাজার টাকা পেয়েছেন।
প্রধানমন্ত্রীর ধান বিক্রির বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) বিদ্যুৎ কুমার বিশ্বাস এবং উপজেলা কৃষি কর্মকর্তা রকিবুল ইসলাম।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত
জানা গেছে, মঙ্গলবার (২৮ মে) খাদ্য গুদামের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এই ধান সংগ্রহ করা হয়। প্রধানমন্ত্রীর ঠিকানা হিসেবে ধানমন্ডির সুধা সদন উল্লেখ করা হয়েছে, যা ভোটার হওয়ার সময় তার স্বামী মরহুম ড. ওয়াজেদ মিয়ার ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩ টন ধানের ওজন মান ও মজুত সনদ প্রদান করা হয়। ওজন মান ও মজুত মান সনদের তথ্যমতে, প্রধানমন্ত্রী সরকারি গুদামে বোরো ধান বিক্রি করেছেন। ৭৫ বস্তায় ৩০০০ কেজি ধান তিনি সরকারি ধার্য করা মূল্য ৩২ টাকা কেজিতে বিক্রি করেছেন। এতে তিনি মোট ৯৬ হাজার টাকা পেয়েছেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন
টুঙ্গিপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী তিন টন ধান সরকারি খাদ্য গুদামের কাছে সরকারি মূল্যে বিক্রি করেছেন। এ থেকে তিনি ৯৬ হাজার টাকা পেয়েছেন। অনলাইনে তার ব্যাংক হিসাবে অর্থ হস্তান্তর করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তার পৈতৃক জমিতে উৎপাদিত ধান বিক্রি করছেন। কৃষি বিভাগের মাধ্যমে উপজেলা খাদ্য গুদাম এই ধান ক্রয় করেছে। গত বছরও প্রধানমন্ত্রী খাদ্য গুদামে ধান বিক্রি করেছিলেন।





