সারাদেশে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করছেন এনবিআর কর্মকর্তারা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ন, ২৩ জুন ২০২৫ | আপডেট: ৮:০১ পূর্বাহ্ন, ২৩ জুন ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণসহ যৌক্তিক সংস্কারের দাবিতে সারাদেশে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করছেন এনবিআর কর্মকর্তারা। সোমবার (২৩ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে এনবিআর ভবনের নিচতলায় সকাল থেকে অবস্থান নেন এনবিআরের অধীন শুল্ক, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। একইসঙ্গে দেশের অন্যান্য অঞ্চলেও এই কর্মসূচি পালিত হচ্ছে।

এই কর্মসূচির ঘোষণা আসে গত শনিবার বিকেলে আগারগাঁওয়ের এনবিআর ভবনে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে। সেখানে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান চেয়ারম্যানের অধীনে রাজস্ব সংস্কার কার্যক্রম শুধু সময়ক্ষেপণ ছাড়া আর কিছু নয়। তাই তাকে অবিলম্বে অপসারণ করতে হবে। ইতোমধ্যেই তাকে রাজস্ব ভবনে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে বলেও জানানো হয়।

আরও পড়ুন: দিল্লি বিমানবন্দরে জাহেদ উর রহমানের ঘটনা: ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’, বলছে ঢাকা

এর আগে, গত ১২ মে সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে নতুন দুটি বিভাগ—রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের সিদ্ধান্ত নেয়। এর পর থেকেই এর বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন এনবিআরের কর্মকর্তারা।

শনিবার অনুষ্ঠিত ঐক্য পরিষদের সভায় অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার-কে সভাপতি এবং অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা-কে মহাসচিব করে ৩০১ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন: জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বলেছে, তারা তাদের দাবির পক্ষে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে এবং যৌক্তিক সংস্কারের দাবিতে অটল থাকবে।