গণ-অভ্যুত্থানকালের ১৯ মামলার চার্জশিট জমা দিয়েছে পুলিশ
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে ১৯টির চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮টি হত্যা মামলা এবং বাকি ১১টি অন্যান্য ধারার মামলা।
বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাড গুরুতর ত্রুটিপূর্ণ
চার্জশিটভুক্ত ৮টি হত্যা মামলার মধ্যে ৩টি শেরপুরে, ১টি ফেনীতে, ১টি চাঁদপুরে, ১টি কুমিল্লায়, ১টি কুড়িগ্রাম জেলায় এবং ১টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন।
অন্যান্য ধারার ১১টি মামলার মধ্যে ১টি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ১টি বরিশাল মেট্রোপলিটন পুলিশ, ৩টি চাঁপাইনবাবগঞ্জ, ২টি সিরাজগঞ্জ, ১টি পাবনা এবং ১টি জামালপুর জেলার। এছাড়া, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দুটি মামলার তদন্ত করছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গণ-অভ্যুত্থানকালের মামলাগুলোর যথাযথ তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তদারকি করছেন। বাংলাদেশ পুলিশ সব মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে সচেষ্ট আছে।





