ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে: গয়েশ্বর চন্দ্র রায়

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০০ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:৫৯ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোট গণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে জনগণের মধ্যে শঙ্কা থেকেই যায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "গণতন্ত্র এখনো নাগালের বাইরে। আমরা বিশ্বাস করতে চাই যে একটি সুষ্ঠু নির্বাচন হবে, তবে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সেই শঙ্কা থেকেই যায়।" তিনি নেতাকর্মীদের উদ্দেশে সতর্ক করে বলেন, "নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে। আমাদের সতর্ক থাকতে হবে এবং কারও পাতা ফাঁদে পা দেওয়া যাবে না।"

আরও পড়ুন: আজ থেকে মাঠে নামবেন ১০৫১ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: ইসি মাছউদ

খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, "তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নন, গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন। তিনি জাতির অভিভাবক হয়ে উঠেছেন। খালেদা জিয়া নিজে কখনো জন্মদিন পালন করতেন না, আমরাই আয়োজন করতাম।"

অনুষ্ঠানে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, "খালেদা জিয়ার জনপ্রিয়তার কারণেই আওয়ামী লীগ তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল।" তিনি আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও গণতন্ত্রের সূচনা হবে।

আরও পড়ুন: নির্বাচনী প্রস্তুতি সন্তোষজনক, এখন লক্ষ্য ‘পারফেক্ট ভোট’: প্রধান উপদেষ্টা

দোয়া মাহফিলে অংশ নিয়ে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, "খালেদা জিয়ার কারাজীবনে যেসব নির্যাতনের সঙ্গে জড়িত, তাদের বিচার হতে হবে।" তিনি আরও জানান, ২০০৮ সালের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তটি একটি বিশেষ রাজনৈতিক দলের চাপ এবং দলের নেতাকর্মীদের পরিস্থিতি বিবেচনা করে নেওয়া হয়েছিল।