১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরিত হবে
আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠান। ঐতিহাসিক এ সনদে স্বাক্ষর করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের ব্লক-১ এ জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
আরও পড়ুন: ঢাবিতে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত পাঁচটি বৈঠকে প্রাপ্ত অভিমত বিশ্লেষণ করা হয়। কমিশনের সদস্যরা আশা প্রকাশ করেন, প্রাপ্ত মতামতসমূহ পর্যালোচনা করে বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশ ও চূড়ান্তকৃত জুলাই সনদ খুব শিগগিরই সরকারের কাছে জমা দেওয়া হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সভায় অংশ নেন।
আরও পড়ুন: ঢাবিতে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন
বৈঠক শেষে কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী জানান, জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান জাতীয় ঐকমত্যের নতুন অধ্যায় সূচিত করবে।





