এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন, অসুস্থ অন্তত চারজন
বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে টানা নবম দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে তারা আমরণ অনশন শুরু করেন। দুপুরের মধ্যে অন্তত চারজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন: দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
আন্দোলনের সমন্বয়কারী ফয়েজ আহমেদ জানান, সকাল থেকেই শিক্ষকরা অনশন শুরু করেছিলেন। তীব্র গরমে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। গাইবান্ধার আকবর আলি আব্দুল হাই স্কুলের শিক্ষক মোহাম্মদ আলী মণ্ডল অচেতন হয়ে পড়লে দুপুর ১২টার দিকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। এছাড়া জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজিও অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন: রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সরকার সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে বৃদ্ধির যে প্রজ্ঞাপন জারি করেছে, তা আন্দোলনরত শিক্ষকরা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, এই বৃদ্ধি শিক্ষকদের প্রতি অবিচার ও অবমূল্যায়ন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, সরকারের ৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন শিক্ষকদের সঙ্গে অবিচার। আমরা তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়ব না।
সকালে শহীদ মিনারে শিক্ষক সমাবেশের আহ্বান জানানো হয়। দুপুরের দিকে দেশের বিভিন্ন জেলা থেকে শত শত শিক্ষক-কর্মচারী কর্মসূচিতে যোগ দিতে আসেন, ফলে এলাকা ভরে যায় শিক্ষক-সমর্থকে।
আন্দোলনরত শিক্ষকরা সরকারের ঘোষণাকে ‘অপর্যাপ্ত ও প্রতারণামূলক’ বলে দাবি করেছেন। তারা তিন দফা দাবি আদায়ের পক্ষে অনড় রয়েছেন
- বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীত করা,
- পূর্ণ উৎসব ভাতা প্রদান,
- শিক্ষা উপদেষ্টার পদত্যাগ
শিক্ষা উপদেষ্টার ক্লাসে ফেরার আহ্বানের প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আজীজি বলেন, শিক্ষা উপদেষ্টাকে বলে দিতে চাই, শিক্ষকরা ক্লাসে ফিরবে না। হয়তো দাবি মেনে নেবেন, না হয় আপনাকে মন্ত্রণালয় ছাড়তে হবে।”
গত আটদিন ধরে সারা দেশের প্রায় ৩০ হাজারেরও বেশি বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা।





