ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে লড়বেন তারেক রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রায় ২৩২ আসনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে। নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে লড়বেন বলে ঠিক করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন: ১৮ বছর পর স্বাধীনতা দিবসে প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ, সালাম গ্রহণ রাষ্ট্রপতির
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রায় ২৩২ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করছে। যেসব আসনে যুগপৎ আন্দোলনের সহযোগী দল প্রার্থী দেবে, সেখানে সমন্বয় করে প্রার্থী চূড়ান্ত করা হবে।”
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।





