দুই দিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:১৭ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পঞ্চমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করেন তিনি। এ সময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এবং পুলিশ সুপার মোরতোজা আলী খান রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

এর আগে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশে রওনা দেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন: ১৯৭১ ও মুক্তিযুদ্ধকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, পাবনায় পৌঁছে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। বেলা ১১টায় আরিফপুর কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি এবং পরে নিজ বাসভবনে কিছু সময় অবস্থান করেন।

এছাড়া তিনি নিকট আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। সফরের দ্বিতীয় দিন রোববার সকালে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

আরও পড়ুন: বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর এটাই তার প্রথম পাবনা সফর। এর আগে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মো. সাহাবুদ্দিন চারবার জন্মস্থান পাবনা সফর করেছেন।

তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ওই বছরের ১৫ মে প্রথমবার পাবনা সফর করেন। পরবর্তীতে ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর দ্বিতীয়বার, ২০২৪ সালের ১৬ জানুয়ারি তৃতীয়বার এবং ২০২৪ সালের ৯ জুন চতুর্থবারের মতো পাবনা সফর করেন তিনি।