ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে
তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তার এ সফরে ইন্টারনেট ব্যান্ডউইডথ বিনিময়সহ তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সফরের মূল লক্ষ্য হলো যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত
শনিবার (২২ নভেম্বর) সকালে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তাকে স্বাগত জানাবেন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আগমনের পর ভুটানের প্রধানমন্ত্রীকে দেয়া হবে লাল গালিচা সংবর্ধনা এবং প্রদান করা হবে গার্ড অব অনার।
আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন
বিমানবন্দর থেকে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন।
পররাষ্ট্রসচিব মো. আসাদ আলম সিয়াম জানিয়েছেন, দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
এরপর শেরিং তোবগে ও প্রধান উপদেষ্টার মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। পরবর্তীতে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে অর্থনীতি, বিনিয়োগ, সংযোগ, তথ্যপ্রযুক্তি ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
ঢাকা সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আঞ্চলিক রাজনীতি ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিন দিনের এ সরকারি সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী আগামী সোমবার সকালে থিম্পুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।





