চিন্তার বৈচিত্র্য রুদ্ধ হলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে: তথ্য উপদেষ্টা
সমাজ ও রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করা হলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আশঙ্কা ব্যক্ত করেন।
আরও পড়ুন: জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার
পোস্টে মাহফুজ আলম লেখেন, মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। পুরো পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার।
তিনি আরও লিখেন, জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন, তারা ফ্যাসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন। সমাজ-রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে।
আরও পড়ুন: কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
স্ট্যাটাসে তিনি কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ না করলেও, একই দিন সকালে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেফতার বাউলশিল্পী আবুল সরকারের ভক্ত–অনুরাগীদের ওপর মানিকগঞ্জে হামলার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
এ প্রেক্ষাপটে অনেকে মাহফুজ আলমের পোস্টকে ভিন্নমতাবলম্বী ও তাসাওফপন্থিদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে করা মন্তব্য হিসেবে দেখছেন।
পোস্টের শেষ অংশে তথ্য উপদেষ্টা লিখেন তাসাওফপন্থি, ফকির, বাউলসহ সব ভিন্নমতাবলম্বীদের ওপর সব ধরনের জুলুম বন্ধ হোক।
তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় সহনশীলতা ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে স্পষ্ট অবস্থান হিসেবে দেখছেন।





