শহীদ শরীফ ওসমান হাদীর জানাজা উপলক্ষে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা
আগামী শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদীর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় বিপুল সংখ্যক মানুষের সমাগমের কারণে মানিক মিয়া এভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য নগরবাসীকে নিম্নলিখিত বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নিবন্ধন অধিদপ্তরে প্রথম নারী মহাপরিদর্শক শামীমা আফরোজ
মিরপুর রোড থেকে ফার্মগেট: মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং-লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে গমন করবে।
ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ: ফার্মগেট থেকে খেজুরবাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিংয়ের দিকে গমন করবে।
আরও পড়ুন: বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের চার সমঝোতা স্মারক স্বাক্ষর
ধানমন্ডি থেকে ফার্মগেট: ধানমন্ডি ২৭ হতে আসাদগেট-গণভবন ক্রসিং-ডানে ইউটার্ন করে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমন করবে।
আসাদগেট থেকে ফার্মগেট: আসাদগেট-বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং-ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমন করবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি: খেজুরবাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-বামে মোড় নিয়ে আসাদগেট-সোজা পথে ধানমন্ডির দিকে গমন করবে।
মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭: মানিক মিয়া এভিনিউ থেকে ব্লকেড সরিয়ে শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট হতে ধানমন্ডি ২৭-এর দিকে গমন করবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে: জানাজা চলাকালীন ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
ডিএমপি সকল যানবাহন চালকদের জানিয়েছে, সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত মানিক মিয়া এভিনিউ এলাকা পরিহার করে উল্লিখিত রুট অনুসরণ করতে হবে। এছাড়াও, নিরাপত্তার স্বার্থে কোন প্রকার ব্যাগ বা ভারি জিনিসপত্র বহন না করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।
ডিএমপি সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করছে।





