ভোটার হলেন ব্যারিস্টার জাইমা রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে তিনি তার মা ডা. জুবাইদা রহমানের সঙ্গে নির্বাচন প্রশিক্ষণ ভবনে উপস্থিত হন।
নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টা ২৬ মিনিটে ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান নির্বাচন প্রশিক্ষণ ভবনে প্রবেশ করেন। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তারা দুপুর ১২টা ৪৫ মিনিটে ভবন ত্যাগ করেন।
আরও পড়ুন: অনলাইনে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
এর আগে গত ২৩ জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন ডা. জুবাইদা রহমান। সে সময় তার ভোটার নিবন্ধন সম্পন্ন হয় এবং তিনি স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) গ্রহণ করেন।
এদিকে এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। ভোটার নিবন্ধন সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি এনআইডি পাবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান: মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে সপরিবারে বাংলাদেশে ফেরেন তারেক রহমান।





