এখন ভুল স্বীকার করলেও আওয়ামী লীগের আর সময় নেই: শফিকুল আলম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “১৭ মাস পেরিয়ে গেলেও তারা কোনো অনুতপ্ত হয়নি। এখন যদি এসে বলে—‘আমরা ভুল করেছি, দুঃখিত’—তাহলেও আর সময় নেই। কারণ মনোনয়ন দাখিলের সময় ইতোমধ্যেই শেষ হয়ে গেছে।”
শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরা শহরের নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রম পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত
শফিকুল আলম বলেন, “একটি রাজনৈতিক দল যদি অস্ত্র হাতে তুলে নেয়, ছোট ছোট শিশু ও তরুণ শিক্ষার্থীদের হত্যা করে, তাহলে পৃথিবীর কোনো সভ্য রাষ্ট্রই তাদের ডেমোক্রেটিক স্পেস দেয় না। একটি রাজনৈতিক দল হওয়ার মূল শর্ত হলো শান্তিপূর্ণ থাকা এবং সহিংসতায় জড়ানো থেকে বিরত থাকা।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ আমি দেখি না। মানুষের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। তারা বিপুল সংখ্যক মানুষকে হত্যা করেছে, গুম করেছে। এখন তাদের নেতাকর্মীরা দেশের বাইরে গিয়ে মিথ্যাচার করছে। জুলাই আন্দোলনে তিন হাজার পুলিশকে হত্যা করা হয়েছে বলে তারা দাবি করছে, লাখ লাখ আন্দোলনকারীর বিরুদ্ধে জঙ্গি হিসেবে প্রচার করছে।”
আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন
প্রেস সচিব বলেন, “আওয়ামী লীগের আমলে যুবলীগ ও ছাত্রলীগ ছাড়া কে পুলিশে চাকরি পেয়েছে? কে এনএসআইতে চাকরি পেয়েছে—খোঁজ নিয়ে দেখুন। আপনারা তখন আপনার অধিকার হারিয়েছিলেন, এখন অনেকেই সেই বিষয়েই সচেতন হয়েছেন।”
একটি রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন আয়োজনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “এখানে ফ্যাসিজমের কিছু নেই। বরং দেশে ফ্যাসিজম কায়েম করেছিল আওয়ামী লীগ। স্বাধীনতার চেতনা ব্যবহার করে তারা মানুষের অধিকার হরণ করেছে।”
তিনি বলেন, “অফিসিয়ালি নির্বাচনি ক্যাম্পেইন শুরু না হলেও ইতোমধ্যেই সারা দেশে নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে। মানুষ ভোটের দিনের জন্য অপেক্ষা করছে। তবে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ নেই, কারণ তারা নিজেই নিজেদের অযোগ্য করে তুলেছে।”
এ সময় নিতাই গৌর সেবাশ্রমের অধ্যক্ষ বাবাজী মহারাজ চিন্ময় আনন্দ দাস চঞ্চল গোসাইয়ের সঙ্গে আলাপকালে উপস্থিত ছিলেন মাগুরা নেজারত ডেপুটি কালেক্টর সহকারী কমিশনার আমিনুল ইসলাম, মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান এবং নিতাই গৌর সেবাশ্রমের সাধারণ সম্পাদক তরুণ ভৌমিক।





