নির্বাচনে দায়িত্ব পালনে ১,০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:০৩ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

১২ ফেব্রুয়ারি সংসদ ভোটে আচরণবিধি তদারকির পাশাপাশি অপরাধ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনশৃঙ্খলা রক্ষার সারা দেশে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন। 

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) এ-সংক্রন্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

আরও পড়ুন: ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভোটগ্রহণের দিনসহ ভোটের পরবর্তী দুই দিন পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের নিজ নিজ অধিক্ষেত্রে ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন এবং মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করে দেবেন।

নির্বাচনী দায়িত্ব পালনের আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করবেন। এ ছাড়া দায়িত্ব পালনের আগে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: নির্বাচনী কর্মকর্তাদের বিকাশ নম্বর সংগ্রহে প্রতারক চক্র, সতর্ক করল ইসি

প্রতিদিন পরিচালিত মোবাইল কোর্টের তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করতে হবে। পাশাপাশি তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

এম এম লিংকন ।